কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:১৫
গাজীপুরের কালিয়াকৈরে চুলার গ্যাসের আগুনে মারাত্মক দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জন সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সফিপুর নিরালা আবাসিক এলাকার আবুল হোসেনের মালিকানাধীন চতুর্থতলা ভবনের প্রথম তলার একটি কক্ষে চুলার গ্যাস ছাড়া ছিল। রান্না করার জন্য দিয়াশলাই জ্বালালে ওই কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই গ্যাসের আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় ওই কক্ষে থাকা আবুল হোসেনের ভাড়াটে সুভাষ চন্দ্র সাহা (৬০), তার স্ত্রী রিনা সাহা (৫০), পুত্র রিন্টু সাহা (২৮), সুমন চন্দ্র সাহা (১৬) ও কন্যা রুমকী সাহা (১৮) মারাত্মক দগ্ধ হয়। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।