কপোতাক্ষের উপচে পড়া পানিতে ও বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে আট শতাধিক পরিবার। অনেকে গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার উপর। ভেসে গেছে কয়েক হাজার বিঘার ফসলের ক্ষেত ও মাছের ঘের। কানাইদিয়া গ্রামের ইসলাম মীর, হাসান আলী, চরকানাইদিয়া গ্রামের আবু বক্কর গাজী, আটঘরা গ্রামের জামিরুল ইসলামসহ কয়েকজন জানায়, ১০দিন আগে কানাইদিয়া গ্রামের মীরপাড়া এলাকায় কপোতাক্ষের বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ফলে তাদের গ্রামগুলো পানিবন্দী হয়ে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে তিনদিন ধরে বাঁধ সংস্কার করা হয়।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, পানিবন্দী শতাধিক পরিবার মীরপাড়া, শেখপাড়া, ব্রিজের রাস্তা ও কানাইদিয়া মকতব স্কুলের মাঠে আশ্রয় নিয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, কপোতাক্ষের ভাঙন ও উপচে পড়া পানিতে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের মধ্যে ইতিমধ্যে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় মাটি না মেলায় বাঁধ সংস্কার করা যাচ্ছে না।
