মুক্তিযুদ্ধের গল্পে টুটুলের নতুন চলচ্চিত্র

কালবেলা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:০৭

টানা বিশদিন কুষ্টিয়া শহরসহ এর আশপাশের বিভিন্ন লোকেশনে আপাতত শেষ হলো সাইদুল আনাম টুটুল পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’ শুটিং। আগামী মাসে রাজশাহীতে আর কিছু কাজ শেষ হলেই পুরোপুরি শেষ হয়ে যাবে টুটুলের এ সিনেমার কাজ। আর এরইমধ্য দিয়ে টুটুলের দীর্ঘদিনের একটি স্বপ্নের কাজও শেষ হবে। তখন শুধু অপেক্ষা দর্শকের কাছে ‘কালবেলা’ তুলে ধরার। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ পরবর্তী কথ্য কাহিনি’ থেকে একজন নারী সানজিদার মুক্তিযুদ্ধের সময়কার নানা অত্যাচার, নির্যাতনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘কালবেলা’ সিনেমাতে। এতে সানজিদা চরিত্রে অভিনয় করছেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭’-এর চ্যাম্পিয়ন তাহনিমা অথৈ। তার বিপরীতে তার স্বামী মতিনের চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ। এরইমধ্যে সিনেমার প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান সাইদুল আনাম টুটুল। প্রথম সিনেমাতেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এবং সাইদুল আনাম টুটুলের মতো একজন কিংবদন্তি নির্মাতার নির্দেশনায় অভিনয় করতে পারা প্রসেঙ্গ তাহমিনা অথৈ বলেন, ‘টুটুল স্যার যেমন গুণী একজন নির্মাতা, ঠিক তেমনি একজন ভালো অভিনেতাও। প্রত্যেকটি দৃশ্যে অভিনয়ের আগে তিনি আমাদের যেভাবে অভিনয় করে দেখাতেন তাতে আমাদের কোনো কষ্ট হতো না। আবার এটাও ঠিক তিনি শিল্পীকে স্বাধীনতা দিতেন। আমরা কীভাবে অভিনয় করতে চাই সেটাও দেখতেন। কিন্তু সবমিলিয়ে যেটা ভালো হতো আমরা তাই করার চেষ্টা করতাম। বিগত বিশদিন রোদে পুড়েছি, ভীষণ কষ্ট করেছি। কিন্তু এই প্রচণ্ড কষ্টের জার্নিটা শেষে যা শিখলাম তা হয়তো অল্প সময়ে আর কোনোভাবেই শেখার উপায় ছিল না। অনেক কঠিন একটি গল্পে আমি আমরা অনেক বেশি আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। তাই আমি নির্দ্বিধায় আশা করি ‘কালবেলা’ দর্শকের মনকে নাড়া দেবে। এটি দেখতে দর্শক হলমুখী হবেন। আমি সত্যিই টুটুল স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।’ শিশির আহমেদ বলেন, ‘আমার অভিনীত মতিন চরিত্রটি সমাজের গতানুগতিক সহজ-সরল ছেলে। টুটুল স্যারের সহযোগিতায় চরিত্রটিকে বাস্তবে রূপদান করার চেষ্টা করেছি। স্যারের মতো একজন কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। বলতে গেলে অভিনয়ের অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আর তাহমিনা অথৈর সবচেয়ে বড় একটা গুণ নিজের চরিত্র ও গল্পের প্রতি শতভাগ মনোযোগী থাকে।’ উল্লেখ্য, সাইদুল আনাম টুটুলের প্রথম সিনেমা ‘আধিয়ার’।