পিস্তল ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাই

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৮
গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার মাথায় পিস্তল ঠেকিয়ে মোঃ ইয়ার উদ্দিন নামে এক ব্যবসায়ীর মোটর সাইকেলসহ পোনে তিন লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করেছে ছিনতাইকারীরা। জানা যায়, ওই রাতে কালিয়াকৈর বাজার থেকে ঢাকা মেট্রো ল- ১৫-৬৯৯৬ নম্বরের একটি মোটর সাইকেলযোগে জানেরচালা গ্রামের বাড়িতে যাওয়ার পথে শ্রীফলতলীর সাবেক চেয়ারম্যানের বাড়ির নিকট পৌঁছলে ৭/৮ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা মোটর সাইকেলের চালক মোঃ ইয়ার উদ্দিন ও তার অপর সঙ্গী মোঃ সোহেল রানার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তাদের কাছ থেকে মোটর সাইকেল, নগদ ৭৩ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ পোনে ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে চম্পট দেয়। এ ব্যাপারে মোঃ ইয়ার উদ্দিন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।