আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার আগেই রায়ের কপি ফাঁস হয়েছে বলে যে গুজব উঠেছে তা নিয়ে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপূর্ণ ব্যাখ্যা দেয়া উচিত। অতীতেও বিভিন্ন সময় আদালতকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চলেছে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল বুধবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘লতিফুর রহমানের মত তত্ত্বাবধায়ক সরকার নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর এমপি পদ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপিল বিভাগের রায় না হওয়া পর্যন্ত তার সংসদ সদস্য পদ বহাল থাকবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন কি আদালতে বিচারিক সুযোগ নেবেন নাকি নৈরাজ্যের পথে হাঁটবেন? যদি নৈরাজ্যের পথে হাঁটেন তবে তা হবে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।
সুরঞ্জিত আরো বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে সংসদে এসে রূপরেখা দিলে দু’দলের আলোচনার মাধ্যমেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা সম্ভব। তবে সময় যতোই ঘনিয়ে আসছে, আলোচনা ও সমঝোতার পথ ততই ক্ষীণ হয়ে আসছে।
মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, অরুন সরকার রানা প্রমুখ।
