রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে গতকাল বুধবার দুপুরে পুলিশের সাথে সংঘবদ্ধ দালালদের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে পাসপোর্ট অফিস থেকে ৪ দালালকে আটক করে পুলিশ। কিন্তু আটক দালালদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে দালালদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়েছে। এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশ ৩ দালালকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে টাকাসহ ৪ দালালকে আটক করে। তাদের থানায় নিতে পুলিশ ভ্যানে তোলার সময় তাদের সহযোগীরা সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় তারা পুলিশের কাছে আটক ৪ দালালকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ তাদের পুনরায় আটক করতে পারেনি। এ নিয়ে পুলিশের সাথে দালালদের ইট-পাটকেল বিনিময়, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ দালালকে আটক করে।
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দালালদের উত্পাতে আমরা (পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা) শঙ্কিত। দালালদের হামলার আশঙ্কায় পাসপোর্ট অফিসে পুলিশ মোতায়েনের জন্য মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, পাসপোর্ট অফিস দালালমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
