আজ বৃহস্পতিবার বরগুনা-২(বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপ-নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৯৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার রাতেই ব্যালটবাক্স, ব্যালট পেপারসহ সকল সরঞ্জামাদি ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে। কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত হয়নি।
প্রতিটি কেন্দ্রে ২৭ জন আইন-শৃঙ্খলা কর্মী নিয়োজিত করা হয়েছে। এছাড়া র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের বিশেষ টিম তিন উপজেলায় মোতায়েন রাখা হয়েছে। উপ-নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন (নৌকা), ইসলামী আন্দোলন মনোনীত গোলাম সরওয়ার হিরু (হাতপাখা)। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি কোন প্রার্থী দেয়নি। তিন উপজেলার মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৩ জন। মোট ভোট কেন্দ্র ৯৬টি। মোট বুথ সংখ্যা ৫২৮টি। বামনা উপজেলায় ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৭৯২৬ জন। পুরুষ ভোটার ২৩২২৪ জন ও মহিলা ভোটার ২৪৭০২ জন। মোট বুথ ১০৩টি। পাথরঘাটা উপজেলার ৪০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১০৪৪৬৮ জন, পুরুষ ভোটার ৫১৩৫১ জন ও মহিলা ভোটার ৫৩১১৭ জন। মোট বুথ ২৫৫টি। বেতাগী উপজেলার ৩৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৭৮৭৭৯ জন, পুরুষ ভোটার ৩৮২১৩ জন ও মহিলা ভোটার ৪০৫৬৬ জন। মোট বুথ ১৭০টি।
রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা ফারুক বলেন, নির্বাচন সরঞ্জামাদি প্রায় সকল কেন্দ্রে পৌঁছে গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই।
উল্লেখ্য, সরকার দলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু গত ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করায় আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
