২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৭০ কোটিতে। ওই সময় চীনকে পেছনে ফেলে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭১০ কোটি। গতকাল বুধবার ফ্রান্সের একটি জরিপ থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।
ফ্রান্স ইনস্টিটিউট অব ডেমোগ্রাফিক স্টাডিজের দ্বি-বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ শতকের শেষ নাগাদ পৃথিবীর জনসংখ্যা বেড়ে এক হাজার থেকে এগারশ কোটিতে দাঁড়াবে। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও অন্যান্য দেশের বিখ্যাত প্রতিষ্ঠানের পাশাপশি ফ্রান্স এই জরিপ কাজ চালায়। বিশ্বে বর্তমানে ৬০ বা আরো বেশী বয়সের জনসংখ্যা ৮৪ কোটি ১০ লাখ। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দুইশ’ কোটিতে দাড়াবে এবং ২১০০ সালে এ সংখ্যা আরো বেড়ে প্রায় তিনশ’ কোটিতে দাঁড়াবে। উল্লেখ্য, বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটির বর্তমান জনসংখ্যা একশ কোটি ত্রিশ লাখ। বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে এর পরের অবস্থানে রয়েছে ভারত (একশ কোটি বিশ লাখ)। তবে জরিপ অনুযায়ী ২০৫০ সাল নাগাদ ভারত চীনকে টপকিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে। ওই সময় ভারতের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে একশ কোটি ৬০ লাখে।
