ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন গৃহকর্মী আদুরী ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছে। গতকাল বুধবার দুপুরে ম্যাজিস্ট্রেট নূরু মিয়ার কাছে এই বর্ণনা দেয়। এদিকে ঢাকায় গৃহপরিচারিকার কাজে নিয়ে আসা চুন্নু মিয়া ও তার ভাতিজা রনি মোবাইল ফোনে আদুরীর মা-মামাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন আদুরীর মা সুফিয়া বেগম। তিনি বলেন, চুন্নু মিয়া এক লাখ টাকা দিয়ে মামলা তুলে নিতে বলে। মামলা না তুলে নিলে মেরে ফেলার হুমকি দেয়। ‘নতুবা তোরা ঢাকা শহরে কীভাবে থাকিস দেখে নেব’ বলে হুমকি দেয় চুন্নু।
ওসিসি’র সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, আদুরীর শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর আদুরীকে মৃত ভেবে গৃহকর্ত্রী নদী ডিওএইচএস এলাকার রেললাইন সংলগ্ন একটি ডাষ্টবিনে ফেলে দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
