গরমের পোশাক

আপডেট : ১৮ মে ২০১৯, ২০:৩২

 

শচীন্দ্রনাথ গাইন

 

সেইদিন সক্কালে একজন চামচা,

ঘুরছিল পরে এক লালরঙা গামছা।

হাতাকাটা গেঞ্জি ও হাতে ছিল তোয়ালে,

বারে বারে তাই ঘষে শরীরে ও চোয়ালে।

 

ভিজে সব জবজবে, কারণ সে ঘামছে,

কেজি কেজি নোনা পানি দেহ থেকে নামছে।

বিদ্যুত্ নেই ঘরে, ঝুলে আছে ফ্যানটা,

এই নিয়ে বকে বউ, কী যে তার জ্ঞানটা!  

 

নেতা এসে তাকে দেখে গেল যেন চমকে,

চোখ বুজে কিছুক্ষণ থাকল সে থমকে।

অতঃপর কাছে গিয়ে বলে খুব আস্তে,

‘সাজগোজ এ রকম, বিষয় কী ভাস্তে?’

 

‘এই সাজে একদম পড়ছি না শরমে,

হাঁসফাঁস করি কম গা জ্বলা গরমে।

চুল ফেলে আজ আমি পরিণত ন্যাড়াতে,

শর্টকাট এ পোশাক পরি তাই বেড়াতে।’

 

নেতা বলে, ‘পদ্ধতি নিতে হবে আমারও,

দরকার নেই মোটে শার্ট-প্যান্ট-জামারও।’

সেই থেকে দাম বেশি গামছা ও গেঞ্জি,

এলাকায় হয়ে গেছে পোশাকের চেঞ্জই। 

 

চাঁচড়া, যশোর।