ক্যাবল কারে চড়ে সবুজ বনানী, পশুপাখি দর্শন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৫
রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক নামের পাখিদের অভয়ারণ্য ও পর্যটন কেন্দ্রের যাত্রা চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অথবা ১২ অক্টোবর এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে । এটি দেশের একমাত্র এভিয়ারি এন্ড ইকো পার্ক। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। পাখিদের অভয়ারণ্য তৈরি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এটিকে গড়ে তোলা হয়েছে একটি আকর্ষণীয় ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে। প্রাকৃতিক সবুজ বনাঞ্চল ও হ্রদের উপর দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কোদালা বনবিটের ২১০ হেক্টর বনভুমি জুড়ে পার্ক এলাকার ব্যাপ্তি। পার্কের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন বৃক্ষের সমাহার। বট, অশ্বথ, পাকুর, আমলকি, ডুমুরসহ বিভিন্ন ফল ফলাদির বৃক্ষচারা বনায়নের মাধ্যমে পাখির জন্য গড়ে তোলা হয়েছে অভয়ারণ্য, যেখানে তাদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা। সেখানে তৈরি করা হয়েছে একটি মনোরম কৃত্রিম লেক, যেটি ইতিমধ্যেই ভরে ফেলা হয়েছে পানিতে। পার্কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নূর সিদ্দিকী জানান চট্টগ্রাম বন বিভাগের আওতাধীন রাঙ্গুনিয়ার কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে এই পার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। রাঙ্গুনিয়ার সাংসদ, পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে এখানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এখন পার্কের শেষ পর্যায়ের কাজ দ্রুতগতিতে শেষ করতে শত শত শ্রমিক রাতদিন কাজ করছে। এই এভিয়ারী পার্ক প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভারতীয় কোম্পানির তত্ত্বাবধানে পার্কে ক্যাবল কার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পর্যটকরা ক্যাবল কারে চড়ে অনেক উঁচু থেকে উপভোগ করতে পারবেন সবুজ বনানীর সৌন্দর্য, দেখতে পারবেন নানা রকম পশু পাখি। তিনি জানান, ১০ অক্টোবরের মধ্যে পার্কটি উদ্বোধনের কথা থাকলেও সময় পিছিয়ে ১২ অক্টোবর উদ্বোধনের তারিখ নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে।