ঈদ ‘ইত্যাদি’

আপডেট : ১৮ মে ২০১৯, ২০:৩৩

বিনোদন রিপোর্ট

 

প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। তাই প্রতি ঈদেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির বিশেষ ঈদ পর্ব দেখার জন্য। প্রতি ঈদেই ইত্যাদিতে বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্নমাত্রা। এবারের ঈদ ইত্যাদির নানা চমকের একটি হচ্ছে দর্শকপ্রিয় ৪ অভিনয় তারকাকে নিয়ে একটি বিষয়ভিত্তিক গান ও নৃত্য। আর নৃত্যগীতে এই পর্বটিকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা এবং এই প্রজন্মের সিয়াম ও পূজা। এই পর্বের জন্য প্রেম বিষয়ক জনপ্রিয় দুটি লোকসঙ্গীতের সমন্বয়ে কিছু নতুন কথার সংযোজনে ভিন্ন আঙ্গিকের একটি গান করা হয়েছে। এর সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। বেশকিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজে লাগিয়ে হানিফ সংকেত এই গানটি তৈরি করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য পরিচালক মামুন। তারকাসমৃদ্ধ চমত্কার এই পরিবেশনাটি উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। সুতরাং বলা যায়, বাড়ির দর্শকদেরও পর্বটি আনন্দ দেবে। শত ব্যস্ততার মাঝেও এই তারকারা ইত্যাদির এই গানটির জন্য আন্তরিকতার সঙ্গে মহড়া করেছেন। শিল্পীরা জানান, শত ব্যস্ততা থাকলেও তাঁদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির জন্য সময় বের করতে চেষ্টা করেন। ইত্যাদি যেন শিল্পীদের একটি মিলন কেন্দ্র। তাঁরা বলেন, এখানে এলে নতুন-পুরোনো অনেকের সঙ্গেই দেখা হয়। আড্ডায় আড্ডায় কখন যে মধ্যরাত গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না। হানিফ সংকেতও শিল্পীদের এই আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ। তিনি জানান, পরিকল্পনাজনিত কারণে অনেক আগে থেকে সিডিউল নেওয়া না থাকলেও ইত্যাদির প্রয়োজনে যখন যাকে প্রয়োজন হয় যোগাযোগ করলে সবাই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন। সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচার হবে। ইত্যাদি রচনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।