বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ থানার অন্তর্গত ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের পশ্চিম শহীদ বজল আহাম্মদ সড়ক এলাকায় ২০ হাজার মানুষের বসবাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সামান্য বৃষ্টি হলে এখানকার রাস্তাঘাট, বাড়িঘর হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে এখানকার সু্কল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেমন স্কুল-কলেজে যেতে পারে না, তেমনি চাকরিজীবী, ব্যবসায়ীদেরও দুর্ভোগের শেষ থাকে না। এলাকাটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখানকার বাসিন্দারা নাগরিক সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আশ-পাশের নালা-খালগুলো ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার কারণে এবং বজল আহাম্মদ সড়কটি নিচু হওয়ায় এখানে সবসময় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এখানকার বাসিন্দারা বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ে। তাই পশ্চিম শহীদ নগর বজল আহাম্মদ সড়কের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করছি।
ফরিদ আহাম্মদ,
মরহুম বজল আহাম্মদ সড়ক,
পশ্চিম শহীদ নগর, বায়েজিদ বোস্তামী চট্টগ্রাম।
