ইটালিতে বার্লুসকোনির ইউটার্নে আস্থা ভোটে জয়ী লেট্টা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৯
ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টার জোট সরকার পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হয়েছে। বুধবারের এ ভোটে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি শেষ মুহূর্তে সরকারকে সমর্থন দিলে জয়ী হন লেট্টা। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি প্রথমদিকে তার মধ্য-ডান ‘পিপল অব ফ্রিডম পার্টি’র (পিডিএল) ৫ মন্ত্রীকে জোট থেকে প্রত্যাহার করার ঘোষণা দিলে বেকায়দায় পড়ে লেট্টা সরকার আস্থা ভোটের মুখোমুখি হয়। তবে পিডিএল এর কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য লেট্টাকেই সমর্থন দেবে বলে জানানোর পর বার্লুসকোনিও শেষমেশ সরকারকে সমর্থন করলেন। সরকারের আস্থা ভোটে হেরে গেলে দেশের জন্য তা মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে বলে ভোটের আগে সতর্ক করেছিলেন লেট্টা। তবে ইটালির গণমাধ্যম পিডিএল এর ২৫ জন আইনপ্রণেতা সরকারের পক্ষে থাকার কথা জানিয়েছিল। ফলে প্রধানমন্ত্রী লেট্টা শেষ পর্যন্ত আস্থা ভোটে তার জোট সরকার প্রয়োজনীয় সমর্থন আদায় সক্ষম হবে বলেই আশাবাদী ছিলেন। ইটালিতে কয়েক সপ্তাহ আগে ঐতিহ্যগতভাবে পরস্পর বিরোধী ডান ও বামপন্থিদের জোড়াতালির জোট সরকারের মধ্যে উত্তেজনা শুরু হয়। কর ফাঁকির মামলায় ডানপন্থিদের নেতা বার্লুসকোনি অভিযুক্ত হলে পার্লামেন্ট থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা শুরু হয়।