মহাতারকার বিপরীতে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:০৯

তার জন্ম ব্রিটেনে। বেড়ে ওঠাও সেখানে। বাবা-মা দুজনেই ব্রিটিশ। ভারতের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক কিংবা যোগাযোগও ছিল না। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—কেউ ছিল না এখানে। অথচ আগাগোড়া ব্রিটিশ এই তন্বী মডেল কাম অভিনেত্রী এমি জ্যাকসন এখন ভারতীয় পর্দালোকে একজন চোখ ধাঁধানো নায়িকা হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছেন নিজেকে। দক্ষিণী, তামিল, তেলেগু, কান্নাড়া সিনেমার পাশাপাশি বলিউডের হিন্দি সিনেমায় সমানভাবে বিচরণ করছেন এমি জ্যাকসন। বলিউডের অনেক সুন্দরী নায়িকার ভিড়েও তার প্রতি কৌতূহলী হয়ে উঠছেন অনেক দর্শক। ‘এক দিওয়ানা থা’ সিনেমার মাধ্যমে বলিউডে তার পদচারণা শুরু হলেও পরবর্তী সময়ে ‘সিং ইজ ব্লিং’ ও ‘ফিকি আলি’ ছবিতে তাকে দেখেছেন হিন্দি সিনেমার দর্শক। এমি জ্যাকসন এবার বড় ধরনের চমক নিয়ে আসছেন ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে তৈরি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র নায়িকা রূপে। ২৭ বছর বয়সী এমি এ ছবিতে ৬৭ বছর বয়সী দক্ষিণী কিংবদন্তি চিত্রতারকা রজনীকান্তের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হচ্ছেন। ব্যাপারটি অনেকের কাছে অবিশ্বাস্য, অবাস্তব মনে হতে পারে। কিন্তু ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে ব্যাপারটি সম্ভব ও বিশ্বাসযোগ্য করে তুলেছেন তারা দুজনেই। পর্দায় তাদের দুজনকে রোমান্টিক জুটি হিসেবে কোনোভাবেই বেমানান মনে হবে না। এরমধ্যে ছবিটির ট্রেলার যারা দেখেছেন, তারা চমকে উঠেছেন রজনীকান্তের মতো একজন কিংবদন্তি অভিনেতার সঙ্গে এমির স্মার্ট গ্ল্যামারাস পারফর্ম্যান্স দেখে। মুক্তির অনেক আগেই ‘টু পয়েন্ট জিরো’ সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ কৌতূহলের সৃষ্টি হয়েছে। সেই আগ্রহ-কৌতূহলের কেন্দ্রবিন্তুতে রজনীকান্তের সাথে এমি জ্যাকসনও রয়েছেন। দক্ষিণী চিত্রলোকে তার পদচারণা গত বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে। একজন ব্রিটিশ অভিনেত্রী কাম মডেল হলেও ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে গত কয়েকবছরের পথচলায় অনেক অভিজ্ঞতা হয়েছে তার। ভারতীয় সাংস্কৃতিক আবহে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে ক্রমেই পরিপক্ব করে তুলেছেন। ভারতীয় ফিল্মি নাচ-গানে পারফর্ম করার জন্য রীতিমতো যোগ্য করে তুলেছেন নিজেকে। ফলে হিন্দি কিংবা তামিল-তেলেগু সিনেমায় অভিনয়ে তার বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না। নতুন সিনেমা ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে এমি অভিনীত চরিত্রটির নাম ‘নীলা’। এ বছর তার অভিনীত কান্নাড়া সিনেমা ‘দ্য ভিলেন’ ও ইংরেজি সিনেমা ‘বুগি ম্যান’ মুক্তি পেয়েছে। টিভি সিরিজ ‘সুপারগার্ল’-এ অভিনয়ের সুবাদে গত বছর থেকে হলিউডেও এমির বিচরণ শুরু হয়েছে। এখন হলিউডেও তার চমত্কার ক্যারিয়ারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলা যায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র একটি গানে ২০ কোটি রুপি খরচ হয়েছে। যাতে রজনীকান্তের সঙ্গে অংশ নিয়েছেন এমি জ্যাকসন থ্রিডি ফরম্যাটে সিনেমাটি দর্শকদের সামনে আসছে। রজনীকান্তের মতো একজন কিংবদন্তি ঝানু তারকা অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে এমি বলেন, ‘এরকম একটি টেকনো লাভস্টোরিতে রজনী স্যারের সঙ্গে অভিনয়টা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। রোবট চিট্টির সঙ্গে সুন্দরী তরুণী নীলার রোমান্স দর্শকদের আলোড়িত করবে সন্দেহ নেই। টেকনিক্যালি আমাদের দুজনকে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে। এ জন্য কষ্ট করতে হয়েছে অনেক। তারপরও আমি এ ছবিটি করতে পেরেছি বলে দারুণ ভালো লাগছে।’ সব মিলিয়ে ‘টু পয়েন্ট জিরো’ ছবিটিতে এমি জ্যাকসনকে দুর্দান্ত গ্ল্যামার আইকন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন এ ছবির পরিচালক শংকর। এমির কাজে দারুণভাবে সন্তুষ্ট হয়েছেন তিনি। কারণ রজনীকান্তের মতো একজন মহাতারকার বিপরীতে তাকে নায়িকা হিসেবে কাস্ট করে একধরনের টেনশনে ভুগছিলেন পরিচালক শংকর। কিন্তু এমি জ্যাকসন তার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এ ছবিতে মহাতারকার বিপরীতে নায়িকা হিসেবে কাস্ট করে কোনো ভুল করেননি তারা।