নানামুখী কর্মসূচিতে অচল জাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ইস্যুতে ভিসি বাসভবনের সামনে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকরা এবং ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন নিজে। চর্তুথ দিনের মতো অবরুদ্ধ রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার। দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন অফিসাররা। শিক্ষা অধিকার মঞ্চ নামে শিক্ষার্থীদরে একটি অংশ আগামীকাল শনিবার থেকে ক্লাস পরীক্ষার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এমন নানামুখি আন্দোলনে স্থবির জাবির শিক্ষা কার্যক্রম। এতে আশঙ্কা করা হচ্ছে সেশন জটের। গত মঙ্গলবার থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় ভিসির বাসভবসের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের নেতারা বলেন, ভিসি মিথ্যাচার ও স্ববিরোধী কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। একদিকে তিনি রিপোর্ট প্রকাশের আগে কারোরই ব্যত্যয় ঘটানো উচিত নয় বললেও অপরদিকে নিজেই অবৈধভাবে ডীন নিয়োগ দিয়ে এর ব্যত্যয় ঘটিয়েছেন। আন্দোলনকারী শিক্ষকদের ঠিক পাশেই সস্ত্রীক অবস্থান করছেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা ও শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠ পরিবেশ দাবি করলেও কিছু সংখ্যক শিক্ষক আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অবৈধ, অযৌক্তিক তথাকথিত এ আন্দোলন অনতিবিলম্বে বন্ধ করা উচিত্। এদিকে ডীন নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানকে টানা চার দিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের মুক্তির দাবিতে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানিয়ে দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও সর্বাত্মক কর্মবিরতি পালন করছে অফিসার্স সমিতি। শিক্ষক ফোরামের ও অফিসার্স সমিতির সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রশাসনিক কার্যক্রমেও পড়েছে ভাটা। এদিকে আগামীকাল শনিবার শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিলের ঘোষণা দিয়েছেন।