টেকনিক্যাল সেক্টর অকেজো করে দেয়ার ঘোষণা প্রকৌশলীদের

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৬
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবি মেনে নেয়া হলে দেশের টেকনিক্যাল সেক্টর অকার্যকর করে দেয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইআইবি) নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় আইইবি ভবনের সামনে প্রকৌশল পেশা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা সরকারকে এই হুঁশিয়ারি দেন। সমাবেশ থেকে প্রকৌশলীর সংজ্ঞা পরিবর্তন প্রক্রিয়া বন্ধের পাশাপাশি সাত দফা দাবি জানানো হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি কুচক্রি মহল পলিটেকনিক ইনস্টিটিউটের কোমলমতি ছাত্রদের অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামিয়েছে। তারা উপরের ইশারায় রাস্তায় নেমে ভাঙচুর করেছে। একটা মহল তাদের দাবির সঙ্গে একাত্ম হয়ে প্রকৌশল পেশাকে ধ্বংসের পাঁয়তারা করছে। তারা বলেন, হীন উদ্দেশ্য চরিতার্থের জন্য প্রকৌশলীর সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে; কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃত মানের পরিপন্থি। আমরা এটা করতে দিতে পারি না। বক্তারা সরকারের উদ্দেশে বলেন, আমলাদের ফাঁদে পড়ে ওই অযৌক্তিক দাবির প্রতি মাথা নত করবেন না। এটা করলে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ গোটা টেকনিক্যাল সেক্টরকে অকার্যকর করে দেয়া হবে। সভায় নেতারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, গুটিকয়েক সচিব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবি পূরণে ব্যস্ত হয়ে উঠেছেন। নিয়ম ভঙ্গ করে আন্ত:মন্ত্রণালয় কমিটি করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন। প্রতিবাদ সমাবেশে প্রকৌশল পেশার মানোন্নয়ন, পেশাজীবীদের স্বার্থরক্ষাসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন আইইবির সাধারণ সম্পাদক মিয়া মো. কাইউম। এ দাবি বাস্তবায়ন করা না হলে তিন সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন তিনি। আইআইবির প্রেসিডেন্ট শামীম-উজ-জামান বসুনিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ, প্রকৌশলী নেতা মেসবাহুর রহমান টুটুল, খান মনজুর মোরশেদ, মো. আব্দুস সবুর, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমদ ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।