ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে দুই ছাত্র আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা’ সূর্য সেন হলের দুই ছাত্র আহত হন।
ঘটনাস্থলের অদূরে অবস্থানকারী ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত জানান, সূর্যসেন হলের ঐ দুই ছাত্র বসে গল্প করছিলেন। তখন বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করে। সাথে সাথেই তিনি ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতিক ও দর্শন বিভাগের শাওনকে আঘাতপ্রাপ্ত দেখেন। এদের মধ্যে আতিক পায়ে গুরুতর আঘাত পান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অপর ছাত্র বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিত্সাগ্রহণশেষে হলে ফিরে গেছেন।
