নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা হবে :নাসিম

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা (কেবিনেট) থাকবে। তারা সরকার পরিচালনা করবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ লোড আনলোড শ্রমিক ফেডারেশন’ আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের সফলতা, রাষ্ট্রের দুঃখী ও মেহনতি মানুষের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ রূপরেখা তুলে ধরেন। মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তার দল বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আন্দোলনে ব্যর্থ হয়েছেন। এ কারণে তারা নির্বাচন নয়, অবৈধ পথে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছেন। এসএম ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মুকুল চৌধুরী, আবদুল হক সবুজ প্রমুখ।