জেলার সদর উপজেলায় গজারি বনের ভেতরে গত বুধবার রাতে দুর্বৃত্তরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় স্বামী গুরুতর আহত হন। পূর্বশত্রুতা বা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহসপতিবার বিকাল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে জেলা সদর উপজেলার ভবানীপুর এলাকার স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন তার স্ত্রী সেলিনাকে জেলার সদর উপজেলায় চিকিত্সককে দেখিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গজারি বনের ভেতর থেকে মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা ওই দম্পতিকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতাড়ি কোপ দেয়। একপর্যায়ে তারা সেলিনার (২৮) গলা কেটে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ফরহাদের (৩২) শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাদের সাথে থাকা একমাত্র শিশু সন্তান সিফাত (৭) পালিয়ে গিয়ে চিত্কার করলে এলাকাবাসী এগিয়ে আসলে অজ্ঞাত দুর্বৃত্তরা পালিয়ে যায়।
