লালু প্রসাদের পাঁচ বছর জেল, এমপি পদ বাতিল

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৪৬
ভারতের বহুল আলোচিত পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ রুপি জরিমানা হয়েছে ভারতের সাবেক রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। সেই সঙ্গে তার এমপি পদ বাতিল হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সিবি বিশেষ বিচারক পি কে সিং এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৭ বছর পর গত সোমবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দুর্নীতি দমন আইনে দোষী সাব্যস্ত হন লালু। গতকাল রায় ঘোষণা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলে বসেই সাজা শোনেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু। সাবেক আমলা বি এম শর্মারও ৫ বছর জেল হয়েছে। বিহারের শাসক দল জেডিইউ সাংসদ জগদীশ শর্মার চার বছরের জেল দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সামপ্রতিক এক রায় অনুযায়ী, দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ায় সংসদ সদস্য থাকার অযোগ্য হয়েছেন ভারতের বর্ণময় এই রাজনীতিবিদ। একই কারণে সাজা খাটার পরের ছয় বছর পর্যন্ত নির্বাচনেও দাঁড়াতে পারবেন না কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই ঘনিষ্ঠ মিত্র। ৬৬ বছর বয়সী লালুকে গত সোমবার দোষী সাব্যস্ত হওয়ার দিনই রাঁচির বীরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে পাঠানো হয়। গতকাল রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, আমাকে কীভাবে তারা শাস্তি দেয়’। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছে লালুর পরিবার। প্রসঙ্গ, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য কেনার জন্য বরাদ্দ থেকে ৩৭ দশমিক ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৬ সালে এই মামলা হয়। লালুপ্রসাদ যাদবসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরুর পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লালু। ১৭ বছর ধরে মামলা চলার পর আসামিদের সবাইকে দোষী সাব্যস্ত করে আদালত।