ট্রাইব্যুনাল থেকে না পেলেও বিএনপি থেকে রায় পেয়েছি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৪৭
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া জানানোয় কৃতজ্ঞতা জানালেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। বিএনপির প্রতি-ক্রিয়াকে ‘রায়’ উল্লেখ করে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন ‘ট্রাইব্যুনাল থেকে রায় পাইনি, রায় পেয়েছি বিএনপি থেকে। যেটা আলমগীর ভাই (মির্জা ফখরুল ইসলাম) পড়ে শুনিয়েছেন। এরপর আমার স্বামীর ফাঁসি হলেও আমাদের কোনো দুঃখ থাকবে না।’ সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কৃতজ্ঞতা জানান। বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে সাড়ে পাঁচটায় শেষ হওয়া বিএনপির বিক্ষোভ সমাবেশে পুরো সময়েই উপস্থিত ছিলেন ফারহাত কাদের। মঞ্চে বসে থাকাবস্থায় অনেকবারই তাকে চোখ মুছতে দেখা যায়। বিশেষ করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের সময় তাকে অনেকক্ষণ কাঁদতে দেখা গেছে। এরপর নেতাদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী। তিনি বলেন, ‘আমি বক্তব্য দিবো না। বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে এসেছি। আমি ধন্যবাদ জানাই তাদের। বিএনপি বুধবার যে রায় (প্রতিক্রিয়া) দিয়েছে, দেশের ৯০ ভাগ মানুষ তা গ্রহণ করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো ঘটনায় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেননি। তার সবকিছু দেশের পক্ষে। সেজন্য তার রায়ের প্রতিবাদে চট্টগ্রামে স্বতঃস্ফূর্তভাবে হরতাল হয়েছে। হরতাল মানে ঘর থেকে বের না হওয়া। চট্টগ্রামে হরতালের সময় আওয়ামী লীগ, বিএনপির কেউ ঘর থেকে বের হয়নি। সবাই দেখিয়ে দিয়েছে সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী নয়।’