খন্দকার মাহবুবের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৫০
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার এ আবেদনের উপর আদেশের দিন ধার্য করা হয়েছে। এদিকে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দেয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন একদল আইনজীবী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ গত পহেলা অক্টোবর রায় দেয়। এ রায়ের পর সেদিনই বিএনপি সমর্থক আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে। প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করা হয়েছে অবশ্যই সেটা চলে যাবে। আর যদি প্রমাণ হয় কোন ষড়যন্ত্র বা সরকারের সঙ্গে যোগসাজশে বা কোন প্রলোভনে এই বিচার হয়েছে তাহলে ভবিষ্যতে এর সঙ্গে সম্পৃক্তদের বিচার হবে।’ এ বক্তব্যের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে। আবেদনের উপর প্রসিকিউটর জেয়াদ আল মালুম শুনানিতে বলেন, খন্দকার মাহবুব হোসেন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে এরসঙ্গে জড়িতদের বিচার করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তাই এই বিচারের সঙ্গে আপিল বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী, সাক্ষী, সাংবাদিকরা জড়িত রয়েছেন। খন্দকার মাহবুব হোসেন বিচারের সঙ্গে জড়িত সকলকেই হুমকি দিয়েছেন। একজন আইনজীবী হয়েও বিচারপতি এবং বিচারের সঙ্গে জড়িতদের হুমকি দিতে পারেন তা কোনোদিন দেখিনি। তিনি এ সময় খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য সম্বলিত চারটি পত্রিকা উপস্থাপন করেন। আইনজীবীদের প্রতিবাদ মিছিল গতকাল খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিলের সংবাদ শুনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করেন একদল আইনজীবী। বিক্ষোভ মিছিলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ, কাজী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল বাকী, মো: ওমর ফারুকসহ শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন।