বাংলাদেশ নিয়ে অবস্থান বদলাচ্ছেন মমতা!

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৫৫
বিপদে পড়ে বাংলাদেশ নিয়ে এবার অবস্থান বদলাতে চলেছেন পশ্চিম-বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী। গত কয়েকদিন ধরে নিজের ঘনিষ্ঠ মহল, শিল্পপতিদের সভায় এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্মতি দিয়েছেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে ৪টি সীমান্ত হাট খোলার বিষয়ে। গত ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে ৬ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে মমতা বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের গেটওয়ে। পশ্চিমবঙ্গের উন্নতি হলে বাংলাদেশের উন্নতি হবে। কয়েকদিন পর ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটানের যোগাযোগ বাড়াতে জাতীয় সড়ক গড়তে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এর পরই কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পরের বছর থেকে এই বইমেলা করতে উদ্যোগ নেবে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী মমতা ব্যানার্জী বাংলাদেশ নিয়ে তার অবস্থান বদলাচ্ছেন? মমতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকার বদলের পর পশ্চিমবঙ্গে নতুন শিল্প তেমন গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গে কোন শিল্প তখনই সফল হয় যখন বাংলাদেশে সেই শিল্পের পণ্য বিক্রি হতে পারে। একদা টাটা পশ্চিমবঙ্গে ন্যানো গাড়ির কারখানা গড়তে চেয়েছিল বাংলাদেশের বাজার ধরার লক্ষ্যেই। কিন্তু তিস্তা, স্থল সীমান্ত চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও সম্পর্কে জটিলতা এসেছে। তাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান বদলাচ্ছেন মমতা বানার্জী। দিতে চলেছেন স্থল সীমান্ত চুক্তিতে সম্মতি।