গায়ক আসিফ আকবর এবার একক কণ্ঠে জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের নাম ‘প্রেমের কবিতা’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। এটি একটি সিনেমার গান হিসেবে আসিফ ও অনুরূপ আইচের ভক্তদের কাছে প্রকাশ পাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক রিয়াজুল রিজুর দ্বিতীয় সিনেমা ‘প্রেমের কবিতা’র টাইটেল গান হিসেবে থাকছে এটি। এই গানটির দুটি ভার্সন ব্যবহূত হবে সিনেমায়। একটি রোমান্টিক ভার্সন ও অন্যটি দুঃখের ভার্সনে ‘প্রেমের কবিতা’ গান সিনে পর্দায় দেখানো হবে। এ প্রসঙ্গে গায়ক আসিফ আকবর জানান, ‘সিনেমার এই গানের ব্যাপারে আমার সাথে মৌখিকভাবে কথা চূড়ান্ত হয়েছে। আশা করছি ‘প্রেমের কবিতা’ সিনেমার গানটি সবার কাছে ভালো লাগবে। এ ছাড়া অনুরূপ আইচ তো জনপ্রিয় গীতিকার। আহম্মেদ হুমায়ুনও ভালো সংগীত পরিচালক। সব মিলিয়ে মনে হচ্ছে, ভালো একটা গান হতে চলেছে সিনেমার জন্য।’ অন্যদিকে অনুরূপ আইচ বলেন, ‘সিনেমার জন্য এই গানটি লিখেছি প্রায় দেড় বছর আগে। তখন থেকেই আসলে এই সিনেমার পরিকল্পনা বা কাজ শুরু হয়েছে। গানটি যেহেতু আসিফ গাইছেন, কাজেই এই গান ভালো সাড়া ফেলবে। গানটির খুব সুন্দর সুর করেছেন আহম্মেদ হুমায়ুন।’ উল্লেখ্য, মাত্র তিন মাস আগে প্রকাশিত অনুরূপ আইচের গান ‘মেঘ বলেছে’ আসিফ ও কর্নিয়ার দ্বৈত কণ্ঠে বেশ ভালো সাড়া ফেলেছে।
