স্পেনের দুই শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা আজ লা লিগা লড়াইয়ে মাঠে নামছে প্রায় অভিন্ন লক্ষ্য নিয়ে। লেভান্তের মাঠে সর্বশেষ কয়েক ম্যাচের বাজে ফলের বলয় ভেঙ্গে রিয়াল চাইবে তাদের চলমান জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে নূ ক্যাম্পে তুলনামূলক বিচারে দুর্বল রিয়াল ভ্যালাডোলিডকে হারিয়ে লিগে এ মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্নই রাখতে চাইবে শিরোপাধারী বার্সেলোনা।
লেভান্তের মাঠে সর্বশেষ চারটি সফরে মাত্র একবারই পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পেরেছে রিয়াল। নিজেদের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়া রিয়াল বাকি তিন ম্যাচে করতে পারেনি এক গোলও।
প্রায় তের বছর পর গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম হারের পর চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনকে উড়িয়ে দিয়ে কয়েকদিনের ব্যবধানেই আবার জয়ের ধারায় ফেরে ব্লাঙ্কোসরা। ঐ ম্যাচে জোড়া গোল পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো বরাবরের মতোই আছেন দারুণ ফর্মে। তবে এ ম্যাচেও রিয়াল দলে পাচ্ছে না এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলকে। ধারণা করা হচ্ছে, উরুর ইনজুরিতে ভুগতে থাকা বেলের ওয়েলসের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও মাঠে নামা হচ্ছে না।
প্রায় এক হাজার কোটি টাকার রেকর্ড ট্রান্সফার ফিতে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেয়া বেল রিয়ালের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত মাঠে কাটিয়েছেন মাত্র দুই ঘণ্টা ১২ মিনিট। তবে এতে মোটেই বিচলিত নন অ্যানচেলোত্তি। বরং একে স্বাভাবিক আখ্যায়িত করে এই ইতালিয়ান বলেন, ‘ম্যাচের আগে বা মাঠে হয়তো সে আমাদের সাথে থাকে না কিন্তু এর বাইরে পুরোটা সময়ই আমরা একসাথেই কাটাই। মাঠে নামতে না পারাটা যে তার জন্য হতাশাজনক আমরা সেটাও বুঝি। তবে সেটা কোন সমস্যাই না, কারণ তাকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাবার জন্যই এই সময়টা দেয়া হচ্ছে।’
এদিকে গত মে মাসে এসপানিওলের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়া মিডফিল্ডার রাফায়েল ভারানে মাঠে ফিরতে পারেন এ ম্যাচেই। এরইমধ্যে ফ্রান্স জাতীয় দলে কোচ দিদিয়ের দেশমের ডাক পাওয়া ভারানে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত চোট সমস্যা কাটিয়ে মূল একাদশে ফিরতে পেরে, ‘দীর্ঘদিন আমাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। নিজেকে ফিরে পেতে গত কিছুদিনে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। শারীরিকভাবে আমি খুবই ভালো বোধ করছি এবং মাঠে নামতে আমার তর সইছে না।’
এদিকে লিগে নিজেদের প্রথম সাত ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল দেয়ার বিপরীতে মাত্র পাঁচটি গোল হজম করা বার্সেলোনা আজও মাঠে নামবে বড় জয়ের লক্ষ্য নিয়েই। তবে এ ম্যাচেও কোচ জেরার্ডো মার্টিনো হাতে পাচ্ছেন না তার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসিকে। আগের ম্যাচে স্কটিশ জায়ান্ট সেল্টিকের বিরুদ্ধে মেসির অনুপস্থিতি ছিল বেশ চোখের পড়ার মতোই।
তবে স্বদেশি আর্জেন্টাইনের অনুপস্থিতি খুব বড় কোন সমস্যা সৃষ্টি করবে না বলেই বিশ্বাস মার্টিনোর। ভ্যালাডোলিডের বিপক্ষে কাতালানদের অতীত রেকর্ডও কথা বলছে মার্টিনোর পক্ষেই। পয়েন্ট টেবিলে বর্তমানে ষষ্ঠদশ স্থানে থাকা দলটির জালে সর্বশেষ সাত ম্যাচে দিয়েছে ২৩ গোল। আর সেই ২০০২ সালের পর ভ্যালাডোলিডের বিরুদ্ধে আর কখনোই হারতে হয়নি বার্সেলোনাকে।
রাতের অন্য দুটি ম্যাচে লড়বে রায়ো ভালেকানো-রিয়াল সোসিয়েদাদ এবং বহু বছর বাদে লা লিগায় ফেরা এলচি খেলবে এসপানিওলের বিরুদ্ধে।
