খুলে দাও হাওরের বুক বাংলাদেশ দেখবে মুখ শ্লোগানে জগন্নাথপুর উপজেলায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী চতুর্থ জাতীয় হাওর উত্সব। পরিবেশ বাঁচাও (পবার) উদ্যোগে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাওর উত্সব-এর উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মান্নান। প্রথমদিন গতকাল শুক্রবার দিনব্যাপী হাওর অঞ্চলের গ্রামীণ খেলা কৃষিপণ্য প্রদর্শন, আলোচনা সভা ও সন্ধ্যায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজ শনিবার নলজুর নদীতে নৌকা বাইচ, হাওর অঞ্চলের প্রাকৃতিক নিদর্শন নিয়ে চিত্র প্রদর্শনী, শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবার) সম্পাদক কামাল পাশা চৌধুরী জানান, ২০০৭ সাল থেকে হাওরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে জাতীয় হাওর উত্সবের আয়োজন করা হচ্ছে।
