বড়াইগ্রামে অপহূত স্কুল ছাত্রী উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ্ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। অপহূত ছাত্রীকে উদ্ধার ও দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করে সহপাঠী শিক্ষার্থী ও শিক্ষকরা। জানা যায়, ওই ছাত্রী বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে মায়ের সাথে স্কুলে আসছিল। এ সময় হারোয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে থেকে বনপাড়া এলাকার জুয়েল রানা, মইনুল ইসলাম রাজু, রাব্বীসহ ৭-৮ জন বখাটে যুবক অস্ত্রের মুখে সোমাকে অপহরণ করে। বাধা দেয়ায় মাকে মারপিট করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মেয়ের বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনের নামে অপহরণ মামলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে পাবনা-নাটোর মহাসড়কের বনপাড়া বাইপাস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটারব্যাপী মানববন্ধন করা হয়।