সংক্ষিপ্ত সংবাদ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৯
বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ বরিশাল অফিস \ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের মহানগর সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন টিটু, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ নাঈম, মহানগর সভাপতি মোঃ রিয়াজ ও মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের প্রমুখ। কালকিনিতে শিক্ষকের ওপর হামলাকারী আটক কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা\ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাসানুজ্জামানের ওপর হামলাকারী নুর মোহাম্মদ ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন চা দোকান থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মচারী। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সাহেবরামপুর গ্রামে চোখে লাইট মারাকে কেন্দ্র করে হাসানুজ্জামানের ওপর হামলা চালায় একই এলাকার নুর মোহাম্মদ ভূঁইয়া। পাঁচবিবিতে শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থা (পউআমডো) উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতি সৌধ সড়কে আদিবাসী শিশুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, পউআমডো’র চেয়ারম্যান ডাঃ দ্বীজেন্দ্র নাথ সরকার, নির্বাহী পরিচালক কাশিনাথ মাহাতো প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৫ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী ৫ অক্টোবর ৬ থেকে ১১মাস বয়সী শিশুকে একটি করে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ধামরাইয়ে ৬২৫টি কারেন্ট জালসহ আটক ৩ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে ধামরাই উপজেলা এসি (ল্যান্ড) রেহানা আক্তার পুলিশের সহযোগিতায় ৬২৫ টি কারেন্টজালসহ তিনজনকে আটক করেন। আটককৃতরা হলো- দেওনাই গ্রামের আকবর আলী, কেলিয়া গ্রামের মোন্তাজ উদ্দিন এবং গুমগ্রামের আমীরউদ্দিন। তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। জব্দকৃত জালগুলো ইউএনও আসাদুজ্জামানের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। সাঁথিয়ায় অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রশিক্ষণ সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নেরচেয়ারম্যান, সচিব ও পৌর সভার সচিবদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব আ,ক,ম সাইফুল ইসলামচৌদ্দুরী। প্রশিক্ষণে ইন্টারনেটের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ডিমলায় ৩ জন গাঁজাসেবীর কারাদণ্ড ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বৃহস্পতিবার গাজা খাওয়ার অপরাধে ৩জনকে ১০দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যানদের অফিসের সামনে গাঁজা খাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ আটক করে। ডিমলা থানার ওসি ইমতিয়াজ কবির জানান, গাঁজা খাওয়ার অপরাধে ১০দিনের সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগরে চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষ সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাগড়ামারি এলাকার একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বোমা বিস্ফোরন ও গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে আসাদুল্লা আল গালিব, ইবাদাত হোসেনসহ ৮ জনকে আটক করে। চাটখিলের ভীমপুর স্কুলে পুরস্কার বিতরণী চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিল সদরে অবস্থিত ভীমপুর বহুমুখী ইচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহপরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একটিভ গ্রুপের সত্বাধিকারী জাহাঙ্গীর কবীর। বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়ন মোস্তফা কামাল, পরিচালনা পরিষদের সদস্য আবুল বাশার আবু প্রমুখ। নরসিংদীতে ৫ জামায়াত নেতা গ্রেফতার নরসিংদী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর, জহিরুল ইসলাম মানিক মিয়াসহ ৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন, সাবেক সেক্রেটারী মনির হোসেন, ডা. বাবুল, সাদেকুর রহমান ও ইউনুছ মিয়া। জানা গেছে, দাওয়াতি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা মানিক মিয়া দলীয় প্রচারপত্র বিলি করতে গেলে শহরের শাপলা চত্বরে পৌছলে পুলিশ তাদেরকে গেফতার করে। সুনামগঞ্জ ইয়ুথ ফোরাম সিলেটের অভিষেক সিলেট অফিস \ গত বৃহস্পতিবার সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ জেলার যুবক ও ছাত্রদের সমন্বয়ে গঠিত “সুনামগঞ্জ ইয়ুথ ফোরাম সিলেট-এর অভিষেক অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম জুয়েল-এর সভাপতিত্বে এবং ফোরাম সদস্য সচিব এমজেএইচ জামিল, যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমদ তালুকদার ও আকবর হোসেন-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট-এর প্রাক্তন অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর এত প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন ফোরাম-এর নবনির্বাচিত আহবায়ক আব্দুল আউয়াল মিছবাহ। টেকনাফে গাঁজা ও মোটর সাইকেলসহ আটক ২ টেকনাফ (কক্সবাজার) \ টেকনাফে ৩ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ ২জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার টেকনাফ মডেল থানা পুলিশের এএসআই সোহেলের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া ১৪ নং ব্রিজ এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে টেকনাফগামী একটি ইউমাহা মোটর সাইকেল তল্ল¬¬াশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২জনকে আটক করে। নেত্রকোনায় শিশু নাট্য গোষ্ঠীর আত্মপ্রকাশ নেত্রকোনা প্রতিনিধি \ ‘নেত্রকোনায় শিশুদের প্রতিভা বিকাশে ‘কচি-কাঁচাদের থিয়েটার” নামে একটি শিশু নাট্য গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটেছে গত শুক্রবার। জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ও শিশু থিয়েটারের পরিচালক সানাওয়ার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক ওস্তাদ রফিক মাহমুদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক আলতাবুর রহমান কাসেম এবং সাহিত্য সমাজের সাইফুল্লাহ ইমরান প্রমুখ। স্বরূপকাঠিতে শিক্ষক সমাবেশ স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ চাকরি জাতীয়করণের দাবিতে বরিশাল বিভাগীয় ও ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে স্বরূপকাঠিতে এক শিক্ষক সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ও সংগঠনের জেলা সভাপতি মো. সোহরাব হোসেন খান প্রমুখ। কোটালীপাড়ায় পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল্লী বিদ্যুতায়ন গ্রামের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার গোপালগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির সচিব বদিউজ্জামন দাঁড়িয়া বাতি জ্বালিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ সোহেল রানা, জুনিয়র প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মুন্সি সেকেন্দার আলী উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গণসংযোগ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল-৬ আসনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। তিনি আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গত শুক্রবার উপজেলার মামুদ নগর ইউনিয়নের বাগেরবাড়ী, সুদামপাড়া, বাওসাইদ গ্রামে গণসংযোগ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজউদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফ টিপু, সহ-সভাপতি শেখ কামাল হোসেন প্রমুখ। সাতকানিয়ায় উদ্দীপনের মানববন্ধন সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সাতকানিয়ার কালিয়াইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিশু অধিকার সপ্তাহ-২০১৩ উপলক্ষে উদ্দীপন দোহাজারী শাখার উদ্যোগে মানববন্ধন ও সভার আয়োজন করা হয়। পরে উদ্দীপনের শাখা ব্যবস্থাপক ফেরদৌস ওয়াজিদ কোরেশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রানী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পিপিএস কর্মকর্তা নুরুল হক। উদ্দীপন কর্মকর্তা বদরুল আনাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি একে আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের এমপি ইঞ্জি.মোস্তফা আলী মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.আল হেলাল, শামছুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সভাপতি আ.বি.রহিম প্রমুখ। রাণীনগরে ছাত্রদলের মতবিনিময় সভা রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গত বৃহস্পতিবার রাণীনগর থানার ৬নং কালীগ্রাম ইউপি ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালীগ্রাম ইউপি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের সভাপত্বিতে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সভাপতি আল ফারুক জেমস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ (সোহেল), থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, নাছির উদ্দিন টনি, আজাদুল হক আজাদ প্রমুখ। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাধবপুরে এসিড বিক্রির দায়ে ৩ জনের জরিমানা মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুরে বেআইনীভাবে এসিড বিক্রির দায়ে তিন হার্ডওয়ার দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত আর্থিক জরিমানা করেছেন। গত বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল্লার দান গ্লাস হাউস, নির্মাণ ট্রেডার্স, রকমারি হার্ডওয়্যার প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুনারুঘাট সার্কেলের পরিদর্শক ফনি ভুষণ রায় উপস্থিত ছিলেন। জগন্নাথপুরে সরকারি প্রাথমিক শিক্ষকদের উল্লাস জগন্নাথপুর (সুনামগঞ্জ)সংবাদদাতা \ দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্টায় সরকারি প্রাথমিক শিক্ষকদের পদ ও বেতন স্কেল উন্নীত হচ্ছে এমন সংবাদ প্রকাশের পর জগন্নাথপুরে শিক্ষকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার আগেই ইত্তেফাকের কপিগুলো শেষ হয়ে যায়। জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকরা ইত্তেফাকের কপি সংগ্রহের জন্য এজেন্টের দোকানে ভীড় জমান। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক জানান, শিক্ষকদের দাবী আদায়ে সরকারের প্রতি জগন্নাথপুরের শিক্ষক সমাজ মহা খুশী। ঝিনাইগাতীতে দুঃস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের (আর ই আর এম পি) আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে সঞ্চয় অর্থের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ হোসনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক। নওগাঁয় স্থানীয় সরকার উন্নত করণে কর্মশালা নওগাঁ প্রতিনিধি \ স্থানীয় সরকার আরো উন্নত ও অগ্রসর করতে ইউনিয়ন উন্নয়ন সমন্নয় কমিটি গঠন ও কার্যবলী সম্পর্কীত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাইকার সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক। নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছালামত উল্লাহ, জাইকার প্রতিনিধি আজিজার রহমান প্রমুখ। সাপাহারে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সাপাহারে “বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে হই বলিয়ান, সমাজ গঠনে রাখিব অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কারিতাস রাজশাহী অঞ্চলের সমাজ উন্নয়ন প্রকল্প এর আয়োজন করে। উপজেলা সমাজ উন্নয়ন কর্মকর্তা হোসান্না হাঁসদারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, শিক্ষক স্যামসন হাঁসদা প্রমুখ। ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে সশস্ত্র ডাকাতেরা লুটে নিয়েছে ৭০ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা। ডাকাতদের হামলায় আহত হয়েছে ৫ জন। বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার তক্কারমাঠ এলাকায় প্রবাসী আবদুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির পর ডাকাতেরা বুড়িগঙ্গা নদী দিয়ে ট্রলার যোগে পালিয়ে যায়। ধামরাইয়ে বিএনপির সম্মেলন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার বেলীশ্বর মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে সূতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। সূতিপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা রমিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ত তমিজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ধামরাই পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, আমতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম লাবু, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান সোনামুদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের রাস্তা ৪ ঘণ্টা পানির নিচে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলায় গড় বৃষ্টি হয়েছে ২৩ মি.মিটার। জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, সদর ও শিবগঞ্জে বৃষ্টি হয়েছে ৪৫ মিলিমিটার করে এবং নাচোল উপজেলায় ২৫ মিলিমিটার। অন্যদিকে ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় বৃষ্টি হয়নি। একটানা চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট ও ক্লাব সুপার মার্কেট, পুরাতন বাজার, বড় ইন্দারা মোড় ও নিমতলা-মেথরপাড়া, কোর্ট এলাকাসহ বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই বৃষ্টিতে বরেন্দ্র এলাকার রোপা আমন চাষীদের মুখে হাসি ফুটেছে। ত্রিশালে যুবলীগের প্রতিনিধি সভা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে গত বৃহসপতিবার ময়মনসিংহের ত্রিশালে যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান। হরিরামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এডভোকেট আসাদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ প্রমুখ। বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলা ইসলাম আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন মাদ্রাসায় গতকাল শুক্রবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানভীরুল ইসলাম ভুঁইয়া, অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান প্রমুখ।