বান্দরবানে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৩

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:২৭
বান্দরবানের লামায় শুক্রবার ভোরে ডাকাত-পুলিশ গোলাগুলির ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামার ফাইতংমুখ এলাকায় সশস্ত্র কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কেয়াজুপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে নূরুল হুদা (৩১) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গুলিসহ আহত হুদাকে গ্রেফতার করা হয়। পরে এলাকায় তল্লাশী চালিয়ে পুলিশ জাকির হোসেন ও মনসুর নামে আরো দুজনকে আটক করে। আহত ডাকাত সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে কেয়াজুপাড়ায় ডাকাতদের হামলায় আবুল হোসেন ও সাত্তার আলী নামে স্থানীয় দুজন মোটর সাইকেল আরোহী আহত হযেছেন বলে খবর পাওয়া গেছে।