টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সন্ত্রাসী হামলার শিকার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:২৮
টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রথম আলো’র টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর পৌনে বারটার দিকে শহরের সাহাপাড়ায় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে বেদম প্রহার এবং উপর্যুপরি মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে তার মোবাইল সেট এবং পকেটে থাকা বেশকিছু নগদ টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হাতে তার ভাতিজা সুদিপ্ত সাহা ও গাড়ীর চালক মেরাজুল ইসলাম সাগরও আহত হয়েছেন। পরে শেখরকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সক মোর্শেদ আলম জানান, সন্ত্রাসীরা তার মাথায় বড় ধরনের আঘাত করেছে, নাক দিয়ে রক্ত ঝরেছে, পিঠে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শেখরকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা জানান, হামলায় জড়িতদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই দুটি টিম মাঠে নামানো হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।