ত্বকী হত্যার সাত মাস

নারায়ণগঞ্জবাসীকে জেগে ওঠার আহ্বান

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৫
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর ২ নং রেলগেট চত্বরে এই সমাবেশ শেষে নগরীতে মিছিল করা হয়। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াত আইভী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দীন আহম্মেদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু ও সাবেক সভাপতি ভবানী সংকর রায় প্রমুখ। প্রধান অতিথি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী সভায় নারায়ণগঞ্জবাসীকে আবারো জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের প্রশ্রয় দেন না। তিনি সন্ত্রাসীদের প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।