দীর্ঘ এক যুগ পর ভেড়ামারা ও কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার থেকে ভারতের বিদ্যুত্ বাংলাদেশ আসছে। আপাতত ১৭৫ মেগাওয়াট বিদ্যুত্ আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুত্ আমদানি প্রক্রিয়া উদ্বোধন করবেন। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত সাবস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত সাব-স্টেশনে ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনসহ জেলার ৬টি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ও ১৪টি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। দুপুর ৩ টার সময় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম বলেন, প্রাথমিকভাবে ১৭৫ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুতের দাম পড়বে ইউনিট প্রতি চার টাকার কিছু বেশি। বেসরকারিভাবে যে ২৫০ মেগাওয়াট আসবে তার দাম পড়বে ইউনিট প্রতি ছয় টাকার মতো।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনগণের ভাগ্যের উন্নয়ন পেতে হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ গ্রামের নিজ বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সিনিয়র সহ-সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু।
