স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁস নিয়ে সৃষ্ট ঘটনায় মামলা নয়, শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
গতকাল শুক্রবার চাঁদপুরের কচুয়া থানায় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অসামান্য অবদান রয়েছে। তাই এ সরকারের সময় পুলিশের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। তিনি পুলিশ সদস্যদের নিজেদের সচেতন নাগরিক ভেবে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নুরি, পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
