মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্ব নির্ধারিত এশিয়া সফর বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের অচল পরিস্থিতি সামাল দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এক লিখিত বিবৃতিতে এ খবর প্রকাশ করেছে। এদিকে এখনই প্রহসন বন্ধ করে সরাসরি ভোটের মাধ্যমে এই বাজেট বিল পাস করে বর্তমান অচল অবস্থার নিরসনে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ওবামা। এশিয়া সফরকালে ওবামার দুটি প্রধান সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ওবামা বালিতে অনুষ্ঠেয় এপেক ও ব্রুনাইয়ে অনুষ্ঠেয় পূর্ব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করছেন না। বিবৃতিতে বলা হয়, ‘সরকারের অচলাবস্থার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামার ইন্দোনেশিয়া ও ব্রুনাই সফর বাতিল করা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রেসিডেন্ট উদ্ভূত পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। রিপাবলিকানরা অবিলম্বে যেন ভোটের মাধ্যমে সরকারকে সচল করতে সম্মত হয় তিনি সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ হোয়াইট হাউস জানায়, ‘বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোকে তার এই সফর বাতিলের কথা জানিয়েছেন।’ তিনি যুক্তরাষ্ট্র সরকারের চলমান অচলাবস্থার প্রেক্ষিতে সম্মেলনে অংশগ্রহণ করতে না পারায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন বলেও বিবৃতিতে জানানো হয়। এদিকে ওবামা ব্রুনাইয়ের সুলতানের সঙ্গেও টেলিফোনে আলাপ করেন। বিবৃতিতে বলা হয়, ওবামার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশেই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
হোয়াইট সূত্র জানায়, ইউএস-ইন্দোনেশিয়া সম্পর্ক প্রেসিডেন্টের কাছে যথেষ্ট গুরুত্ব বহন করে। ইন্দোনেশিয়ার মানুষের প্রতি তার এক ধরনের ব্যক্তিগত ভালোবাসাও রয়েছে। কেননা ছাত্রজীবনের বেশ কিছুটা সময় মা-বাবার সাথে প্রশান্ত মহাসাগরীয় এ অঞ্চলটাতে কাটিয়েছেন তিনি। শনিবার থেকে এশিয়ার চারটি দেশে এক সপ্তাহের সফরে যাওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের।
