বাবা সুভাষ সাহার পর এবার মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অগ্নিদগ্ধ মা রীনা রানী সাহা (৩৫) ও তাদের মেয়ে রুমকি রানী সাহা (১৮)। গতকাল বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রীনা। তার আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় মারা যান রুমকি রানী সাহা। গত ১ অক্টোবর গাজীপুরের শফিপুর বাজার সংলগ্ন আবুলের ভাড়াবাড়িতে লিকেজ হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। ঐ দিনই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সুভাষ সাহা মারা যান। বার্ন ইউনিটের চিকিত্সকরা জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে পিতা-মাতাসহ তিন জনই মারা গেলেন। এখন দুই ছেলে রিন্টু সাহা (২২) ও সুমন সাহা (১৬) চিকিত্সাধীন। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। সুভাষ সাহার ভাই কালাচান সাহা বলেন, তাদের বাড়ি গাজীপুর জেলার পূবাইল থানার সিকলিয়া গ্রামে। পান-সুপারি ব্যবসার কারণে সুভাষ তার পরিবার নিয়ে গাজীপুর জেলার শফিপুরে ভাড়া থাকতেন। ভাগ্যের নির্মম পরিহাসে অগ্নিদগ্ধ হয়ে একে একে তিনজনই চলে গেলেন। এখন দগ্ধ দুই ভাতিজাই তাদের পরিবারের শেষ ভরসা। যদিও তাদের অবস্থাও ভাল নয়।
