প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা, সহকারি শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের এক ধাপ নিচে নির্ধারণ এবং সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা উপস্থিত হয়ে অনশন কর্মসূচি শুরু করেন।
বেলা ৩টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফারুক জলিলসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে শিক্ষকদের অনশন ভাঙার জন্য অনুরোধ করেন। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের জানান, শিক্ষকদের দাবি পূরণে সরকার আন্তরিক। শিক্ষকদের এসব দাবি পূরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পরে শিক্ষকরা অনশন ভাঙেন।
এসময় শিক্ষকরা ঘোষণা করেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে দেশের স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হবে। কর্মসূচিতে সমিতির সভাপতি নুরুজ্জমান আনসারী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-সম্পাদিকা মাহমুদা খানম প্রমুখ বক্তব্য রাখেন।
