সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে গতকাল শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে। থেমে থেমে হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারি বৃষ্টিপাতের কারণে মহানগরীসহ সর্বত্র স্বাভাবিক জীবন-প্রবাহ বিঘ্নিত হয়েছে। গতকাল সরকারিভাবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবী ও ছাত্র-শিক্ষকদের ভোগান্তি ও বিড়ম্বনা অবশ্য ছিল না। তবে দিনমজুর, শ্রমজীবী মানুষেরা এই বৃষ্টির ভিতর কোনো কাজ পাননি।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টা হিসাবে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৯ মিলিমিটার। নগরীর ফইল্যাতলী, চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়ার নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জোয়ারের সময় কোথাও কোথাও বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে। বৃষ্টির কারণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি সৈকত, ফয়’স লেক, শিশু পার্কসহ পর্যটন কেন্দ্রগুলোতে জন সমাগম ছিল খুবই কম। আবহাওয়া অফিস জানায়, এরকম বৃষ্টিপাত চট্টগ্রাম অঞ্চলে আগামী চব্বিশ ঘণ্টা বিরাজমান থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, মধ্য আশ্বিনে হঠাত্ মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে। তারই প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।
