সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী দুর্বল। সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের ‘পায়ে ধরা নীতি’। তারা তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে, সীমানা চুক্তি করতে পারেনি। অথচ দেশের মধ্য দিয়ে ভারতের যাতায়াতের সব ব্যবস্থা করে দিয়েছে। সালাহউদ্দিন কাদেরের রায় আগেই ফাঁস হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোন সভ্য দেশে এটা হলে আইনমন্ত্রী পদত্যাগ করতেন।
গতকাল শুক্রবার বিকালে বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উপজেলা বিকল্পধারা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে অন্যায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। টেন্ডারবাজি, লুটপাট, হত্যা, গুম, সন্ত্রাস, পদ্মাসেতু দুর্নীতির পাশাপাশি ১১ বার বিদ্যুতের দামসহ সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের সময় জনগণ এর জবাব দিবে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু সরকারের সমলোচনা করলে হবে না। জনগণের সামনে ধর্মীয় গ্রন্থ নিয়ে শপথ করে বলতে হবে দুর্নীতি, সন্ত্রাস করবেন না। দ্রব্যমূল্য কমাবেন। কিভাবে এটা করবেন তা-ও জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে। সভায় বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিকল্পধারার প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলীকে তিনি পরিচয় করিয়ে দেন এবং দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এই জালিম সরকার দিয়ে দেশ চলতে পারে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করায় এক শিক্ষকের সাত বছর জেল হয়েছে। অথচ শাহবাগে আল্লাহ্-রাসুলের সমালোচকদের সাত দিনেরও জেল হয় না।
জনসভায় অন্যান্যের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, জাসদ (রব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার সরকার, বিকল্প ধারার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুর রউফ মাওলা প্রমুখ বক্তব্য রাখেন।
