গ্রামীণ ব্যাংক মুছে ফেলতেই আইন করা হচ্ছে :রিজভী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৯
কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. ইউনূস প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। আমরা মনে করি গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্যই সরকারের এ সিদ্ধান্ত। ‘শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে’— নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এ ধরনের উদ্যোগ মেনে নেয়া হবে না। এ ধরনের নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা হলে আন্দোলনের মাধ্যমে সেটিকে সিটি করপোরেশনের আবর্জনার গাড়িতে তুলে দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘সাজার ভয়ে বিরোধী দলীয় নেতা আদালতে যান না’—বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আমরা জানতে চাই, আদালতে সাজা হবে কি হবে না তা প্রধানমন্ত্রী জানেন কীভাবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জনশ্রুতিটি আবারো প্রমাণিত হচ্ছে—বিরোধী দলীয় অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাজার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্পিউটারেই টাইপ করা হয়।