বেগমগঞ্জের বাংলাবাজারে দুর্ধর্ষ সন্ত্রাসী চেনী কামাল বাহিনী শুক্রবার সন্ধ্যায় অতর্কিত হামলা চালিয়ে বাজারের ১০টি দোকান, ৩৫টি অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে। এ সময় অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে পরে বাংলাবাজারের ব্যবসায়ী ও সিএনজি চালকরা বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার জিরতলীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি চেনী কামাল ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার স্থানীয় লোকজন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যার উপস্থিতিতে বাংলাবাজারে মিছিল ও সভা করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় চেনী কামাল তার বিশাল বাহিনী নিয়ে বাংলাবাজারে অতর্কিতে হামলা করে ও ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীদের লাঠির আঘাতে অন্তত ২০ জন আহত হয়। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে সন্ত্রাসী চেনী কামাল জিরতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী হায়দার চৌধুরীর বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হলে চেনী কামাল তিনদিন আগে ঐ বাড়িতে ফের হামলা চালিয়ে লোকজনকে বেদম মারপিট করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নেয় এবং অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আসে।
