পঞ্চগড় থেকে সারাদেশে চারমাত্রিক সাংস্কৃতিক কর্মপ্রয়াস ছড়িয়ে দেয়ার কাজ শুরু করলো চারুনীড়ম। মাতৃভাষা, মুক্তিযুদ্ধ, পহেলা বৈশাখ ও সুস্থ ধারার চলচ্চিত্র দেশ জুড়ে ছড়িয়ে দেয়ার প্রয়াসের অংশ হিসাবে গতকাল শুক্রবার পঞ্চগড় শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হলো সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম’র ছবি ‘মৃত্তিকা মায়া’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মৃত্তিকা মায়ার পরিচালক ও চারুনীড়ম ইন্সটিটিউট অব অ্যাক্টিং এন্ড রিসার্চের পরিচালক চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত। এ সময় ভুমিজের সরকার হায়দারও উপস্থিত ছিলেন। গাজী রাকায়েত তার বক্তব্যে বলেন, চারুনীড়ম এর উদ্দেশ্য হলো সারাদেশের সকল বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে প্রমিত বাংলা উচ্চারণ শিক্ষা ও প্রয়োগ। জেলা পর্যায়ে শুদ্ধ আঞ্চলিক ভাষা শিক্ষা ও প্রয়োগ। প্রতিটি জেলায় জাদুঘর, লাইব্রেরী, মহাফেজখানা, মিলনায়তন ইত্যাদির সমন্বয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তোলা। জেলা পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপন নিয়মিত করা এবং প্রতিটি জেলায় সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ নির্মাণ করা।
