জেসিআই সম্মাননা পেলেন বেসিস সভাপতি শামীম আহসান

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ১৯:২৫
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য বেসিস সভাপতি এবং এখনিডটকম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান ‘বিজনেস ইকোনমিক অ্যান্ড এন্ট্রাপ্রেনেরিয়াল অ্যাকমপ্লিশমেন্টস’ শ্রেণিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ‘দি আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ (টিওওয়াইপি) ২০১৩’ পুরস্কার লাভ করেছেন। গত ৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেসিআই সভাপতি মুস্তাফিজুর রহমান সোহেল, ডিসিসিআই সভাপতি সবুর খান, আইসিসি সভাপতি মাহবুবুর রহমান, হিউম্যান রাইটস বাংলাদেশের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানি প্রমুখ উপস্থিত ছিলেন। টিওওয়াইপি প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সেইসব তরুণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে যারা নিজেদের গুণাবলী দিয়ে নিজ নিজ ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছে। উল্লেখ্য, শামীম আহসান একজন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা যিনি এখনিডটকম, ই-জেনারেশন ও বেঞ্চমার্ক ই-জেনারেশনের সহ-প্রতিষ্ঠাতা। ইতিমধ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘সেরা তরুণ উদ্যোক্তা’ হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়াও তিনি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।