অভিনয়ে মৌমি’র পথচলা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:১০

শিশুশিল্পী নাফিসা জারিন মৌমি। একেবারে ছোটবেলা থেকেই মিডিয়ায় যাত্রা শুরু। সময়টা ২০১৪, বিটিভিতে গান গেয়ে মিডিয়ায় আসে মৌমি। এরপর বিভিন্ন কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় এগিয়ে গেছে সে। সম্প্রতি মৌমি আলোচনায় এসেছে শিশুদের টিভি দুরন্ততে ‘উল্টাপুল্টা :বাবা থাকে বাসায়’ নাটকে শিশুশিল্পী হিসেবে কাজ করার মাধ্যমে। নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। নাটকে মৌমির বাবা ও মা চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও বিজরী বরকতউল্লাহ, দাদা ও দাদি চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত ও দিলারা জামান। ‘উল্টাপুল্টা :বাবা থাকে বাসায়’ নাটকে কাজ নিয়ে মৌমি বলল, ‘নাটকটিতে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। অনেক বড় ও গুণী শিল্পীর সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারেছি।’

নাটকের পাশাপাশি ছায়ানট সংগীত বিদ্যায়তনে গান শিখছে মৌমি। এরমধ্যে শিখে ফেলেছে লোকসংগীত, রবীন্দ্র ও নজরুল সংগীত। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমিতে নাচ ও ড্রইং প্রশিক্ষণ নিচ্ছে সে। পাশাপাশি নাটক, শর্টফিল্ম ও টেলিফিল্মের কাজ করছে। বিজ্ঞাপনচিত্রের কাজ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। একসঙ্গে এত কাজে জড়িত থাকো কীভাবে? মৌমি বলল, ‘আমার সব কাজে সহযোগিতা করেন আম্মু মাহমুদা খানম নিপা ও বাবা মোয়াজ্জেম হোসেন। তারা আমাকে উত্সাহ দেন বলেই পড়াশোনার পাশাপাশি মনন বিকাশে সহায়তা পাচ্ছি।’