প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা বলেছেন, নানাজন জিজ্ঞাসা করে আগামী নির্বাচন কিভাবে হবে। এর কোনো ভালো উত্তর পাই না। কোনো উত্তর না পেয়ে বলি, আগামী নির্বাচন রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি রামপাল বিদ্যুত্ কেন্দ্র উদ্বোধন করা যায়, তাহলে আগামী জাতীয় নির্বাচনও রিমোট কন্ট্রোলে হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এবিএম মূসাকে সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এলামনাই এসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।
দেশের একাধিক পত্রিকার সাবেক এ সম্পাদক বলেন, প্রযুক্তিগতভাবে সাংবাদিকতা অনেকদূর এগোলেও মানের দিক থেকে তা খুব বেশি উন্নতি করতে পারেনি। সংবাদ রচনার সময় সাংবাদিকদের মনে রাখতে হবে যে সংবাদ আর সাহিত্য এক জিনিস নয়। অনেকে আজকাল ঘটনাকে অতিরঞ্জিত করতে গিয়ে সংবাদ লেখার পরিবর্তে সাহিত্য রচনা করে বসেন।
প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এমন একজন গুণী মানুষকে সংবর্ধনা দিয়ে আমরাই গর্বিত হয়েছি। তিনি এমন একজন সাংবাদিক যিনি আজীবন নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে গিয়েছেন। এখনও করছেন। অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়ে গেছেন। তিনি তার কর্মে, আচরণে এবং কথায় সব সময় অনড় এবং অটল থাকেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান, বৈশাখী টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ?দি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, অধ্যাপক শেখ আবদুস সালাম।
অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
