জাতীয় ঐক্যের অন্যতম নেতা ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপ্রতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশে এখন চরম দুঃসময় আর ক্রান্তিকাল চলছে। এ সময়ে দেশকে রক্ষা করতে হলে দুই নেত্রীকে বাদ দিয়ে দল মত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ করে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য’ শীর্ষক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এস এম আকরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার মহাসচিব সাবেক মন্ত্রী অধ্যাপক মেজর (অব.) এম এ মান্নান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন গণফোরাম জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে বিকল্প ধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যদি তার মেয়াদে সংবিধান সংশোধন না করে তাহলে তিনি ঘৃণিত হয়ে থাকবেন সারা জাতির কাছে।
গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, এখনই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয় শক্তির জন্য নারায়ণগঞ্জ জেগে উঠেছে। দেশও জাগবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, আমরা চাই দেশে তৃতীয় শক্তি গড়ে উঠুক। এই নারায়ণগঞ্জ থেকে জাতীয় ঐক্যের স্বার্থে আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানান তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে কোন নির্বাচন মানবে না।
