জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পল্লীনিবাস বাসভবনে নেতা-কর্মী ও সাংবাদিক-দের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আমি এখন মহাজোটে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার সঙ্গে জোট করবো তা সময়ই বলে দেবে। তবে তিনি সমমনা রাজনৈতিক দল নিয়ে জোট করে নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়ে বলেন, সকল দল নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি (এ) অংশ নিবে। না হলে আমরা কোন অবস্থায় নির্বাচনে অংশ নেব না। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের বিকল্প নেই।
এরশাদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ। তাই এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আমার নামে দায়েরকৃত মামলা নিয়ে বিভিন্ন সরকার রাজনৈতিক ফায়দা লুটছে। তিনি আদালতে বিচারের মাধ্যমে তার মামলার নিষ্পত্তি চেয়ে বলেন, আমি আর কারো কাছে মামলা প্রত্যাহারের জন্য তদবির করবো না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, রংপুর জেলা ও মহানগর সভাপতি মশিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।
