জাতিসংঘের হাইলেভেল ডিবেটের মূল অধিবেশনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র সফররত প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক অভিবাসী প্রক্রিয়ায় বাংলাদেশ মুখ্য ভূমিকায় রয়েছে। দেশের প্রায় ৮৫ লাখ লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। তিনি বলেন, গত তিন দশকে অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ পদ্ধতিগত উন্নয়নে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে ডিজিটালাইজ্ড ডাটা ব্যাংক, দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা, সরকারি অর্থ সহযোগিতায় সরকারি পর্যায়ে শ্রমিক পাঠানোর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাইলেভেল ডিবেটের মূল অধিবেশনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট’ ইস্যুতে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন অর রশীদ জানান, হাইলেভেল এ ইভেন্টের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এতে আরো বক্তৃতা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর জন অ্যাশসহ অনেকে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী একইদিন বিকালে ‘দি পজিটিভ কন্ট্রিবিউশন অব মাইগ্র্যান্টস এন্ড মাইগ্র্যান্টস ওয়েলবিং’ শীর্ষক সাইড লাইন ইভেন্টে বক্তৃতা করেন। দুটি পর্বেই পররাষ্ট্র সচিব শহিদুল হক, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খানসহ মিশনের কুটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন হাইলেভেল ইভেন্টে আন্তর্জাতিক অভিবাসী বিষয়ে চারদফা সুপারিশ তুলে ধরেন।
