দর্শকনন্দিত অভিনেত্রী দীপা খন্দকারের বছরের শেষ সময়ে এসে যেন পেশাগত কাজের ব্যস্ততা খুবে বেড়ে গেছে। নতুন তিনটি বিজ্ঞাপনের কাজ করার পাশাপাশি নতুন পাঁচটি ধারাবাহিক নাটকেরও কাজও করছেন তিনি। গত বছর আগস্ট মাসে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। বিগত কয়েকদিনে পরপর তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনগুলো হচ্ছে রুবায়েত মাহমুদের ‘ভিম লিকুইড’, রাব্বির ‘গাজী ডোরস’ এবং অন্য একজন নির্মাতার ‘অ্যারোমা বিস্কুট’। তিনটি বিজ্ঞাপনই শিগগিরই প্রচারে আসবে বলে জানালেন দীপা খন্দকার। এরমধ্যে নতুন পাঁচটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দীপা খন্দকার। এরমধ্যে দুটি নাটক একসঙ্গে একই চ্যানেলে প্রচারিত হচ্ছে। বাকি তিনটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘সত্য মন্ত্র’ এবং মীর সাব্বিরের ‘মালেক হতে সাবধান’ নাটকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপা। নাটক দুটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। এদিকে প্রচারের অপেক্ষায় আছে সাগর জাহানের প্রযোজনা সংস্থা ব্যাঙের ছাতা থেকে নির্মিত সাগর জাহানের রচনায়, এ আর আকাশ ও রতন হাসান নির্দেশিত ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ ধারাবাহিকটি। এটি আসছে জানুয়ারিতে আরটিভিতে প্রচার শুরু হবে। এ ছাড়াও প্রচারের অপেক্ষায় আছে মিজানুর রহমান লাবুর ‘প্রিয় পরিবার’। এ ছাড়াও দীপা খন্দকার অভিনীত এল রুমা প্রযোজিত জাহানারা আহমেদের রচনায় নির্মিত বিটিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘লকেট’-এও নিয়মিত অভিনয় করছেন তিনি। আগামী বিজয় দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য দীপা খন্দকার অভিনয় করেছেন বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’-তে। এদিকে দীপা খন্দকার শাকিব খানের সঙ্গে ‘ভাইজান এলোরে’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন।
