স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে লাশ হলেন স্ত্রী

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:০৪

মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর নিউ মার্কেট থানার এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুল বিবি (৫০)। এ ঘটনায় তার পরিবারের আরো ৬ জনসহ মোট ৭ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৭ জন হলেন, নিহত ফুল বিবির স্বামী আবুল কালাম পেদা (৬৫), ছেলে আনোয়ার হোসেন রনি, ছেলের বউ কাজল রেখা, তার মেয়ে সোয়াত, লাইজু বেগম, ছেলে হাসান রুবেল ও মাইক্রোবাস চালক।

জানা গেছে, ফুল বিবির বাড়ি পটুয়াখালী জেলার দশমিনায়। তার স্বামী আবুল কালাম গুরুতর অসুস্থ। তাকে চিকিত্সার জন্য ফুল বিবিসহ পরিবারের লোকজন গতকাল ভোরে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। একটি মাইক্রোবাস ভাড়া করে একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে পড়ে। এতে ফুল বিবিসহ ৭ জন আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক ফুল বিবিকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এদিকে মাইক্রোবাসের চালককে পুলিশ আটক করেছে। মাইক্রোবাস ও প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।